মঙ্গলবার

০৬:৪৯:৩৭

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংস্কারে চাপে অন্তর্বর্তী সরকার, এইচআরডব্লিউ’র প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংস্কারে চাপে অন্তর্বর্তী সরকার, এইচআরডব্লিউ’র প্রতিবেদন

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে—এমনই মূল্যায়ন উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের সময়কার আলোচিত গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে, যা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এর বিপরীতে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতার, বিচার ছাড়াই দীর্ঘদিন কারাবন্দি রাখা এবং নিয়মিত জামিন আবেদন নাকচের প্রবণতা মানবাধিকারের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

এইচআরডব্লিউ জানায়, সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষ রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। এসব মামলার অনেকগুলোতেই অজ্ঞাতনামা আসামির সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় অভিনয়শিল্পী, আইনজীবী, সঙ্গীতশিল্পীসহ বিভিন্ন পেশার মানুষও রয়েছেন। এতে মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। ২০২৪ সালের জুন থেকে গত বছরের আগস্ট পর্যন্ত সময়ে মব সহিংসতায় অন্তত ১২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। এসব ঘটনায় জবাবদিহির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এছাড়া নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থীর অনুপ্রবেশ এবং আন্তর্জাতিক বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় মানবিক সংকট আরও গভীর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সব মিলিয়ে, গণতান্ত্রিক রূপান্তরের পথে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ।

এমএফ/বিকল্পকন্ঠ
#HumanRightsWatch #বাংলাদেশ #মানবাধিকার #আইনশৃঙ্খলা #অন্তর্বর্তীসরকার

আরও পড়ুন

Scroll to Top