আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের (ইসি) জারি করা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট অনুযায়ীই এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে।
এর মাধ্যমে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় আপাতত স্থগিত হলো। ফলে ইসির ৪ সেপ্টেম্বর জারি করা গেজেট অনুযায়ী নির্বাচন আয়োজনের পথ সুগম হলো।
আদালতে শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এর আগে, গত ১৪ জানুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। পাশাপাশি ১৩ জানুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার ইসির সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করা হয়। ওই আবেদনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম চালুর নির্দেশনা চাওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার ইসির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং আগের সীমানা পুনর্বহালের নির্দেশ দেন। তবে সেই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ গেজেটের কার্যক্রম স্থগিত করেন।
সর্বশেষ আদেশে আপিল বিভাগ স্পষ্ট করেছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেট অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে পাবনা-১ ও ২ আসনে নির্বাচনী প্রস্তুতি আবারও গতি পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




