আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশের টাকা লুট করে নির্বাচনের মৌসুমে যারা জনগণের সেবক সাজতে আসে, তাদের আর ছাড় দেওয়া হবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ কর্তৃক মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “অনেক আসনেই এ ধরনের ঋণখেলাপি প্রার্থী রয়েছে। অনেক প্রতিদ্বন্দ্বী চাইলেই বিষয়টি আদালতে তুলতে পারতেন, কিন্তু নিরাপত্তা ঝুঁকি ও বিভিন্ন সংস্থার হয়রানির ভয়ে তারা সাহস করেননি।”
নিজের করা মামলার প্রসঙ্গ তুলে ধরে হাসনাত বলেন, মামলা করার পর তাকে ও তার আইনজীবীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। তবে এসব হুমকিতে তিনি কখনোই মাথানত করেননি বলে জানান। “হাসনাত আবদুল্লাহ ভয় পায় না—আমি ন্যায়ের পথে আছি, আইনের পথে আছি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত রাজনৈতিক লড়াই নয়, বরং ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের একটি সম্মিলিত যুদ্ধ। এই মামলার মাধ্যমে পুরো দেশ একটি স্পষ্ট বার্তা পেয়েছে—ন্যায়ের পক্ষে থাকলে শক্তিশালী অপরাধীরাও শেষ পর্যন্ত পরাজিত হবে।
মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “একজন ব্যক্তি ১৩০ কোটিরও বেশি টাকা ঋণ নিয়ে দুই দশকের বেশি সময়েও তা পরিশোধ করেননি। বারবার আদালতের আশ্রয় নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন।” তিনি উল্লেখ করেন, একই কারণে ২০০৮ সালেও ওই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেননি।
শেষে তিনি বলেন, “এই রায় প্রমাণ করে—বাংলাদেশে এখনো ন্যায়বিচার সম্ভব, আর জনগণের বিজয় নিশ্চিত।”




