একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সংবিধানবিরোধী ও আইনগতভাবে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর জারি করা একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চেয়ে এই রিট করা হয়। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এ রিট আবেদন দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, সংবিধানে একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান নেই। এমন গুরুত্বপূর্ণ দুটি রাষ্ট্রীয় কার্যক্রম একসঙ্গে আয়োজন করলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও জনগণের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হতে পারে। ফলে এ ধরনের তফসিল গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, “বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, তার কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—নির্বাচন হতে পারে নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ নেই।” তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থেই এই রিট করা হয়েছে।
রিটে দাবি করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে বর্তমান তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং তার অধীনেই নতুন নির্বাচনী তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া প্রয়োজন।
আইনজীবী সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। শুনানিতে আদালত প্রাথমিকভাবে তফসিলের বৈধতা, নির্বাচন কমিশনের এখতিয়ার এবং সরকার গঠনের সাংবিধানিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক অঙ্গনে এই রিটকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আদালতের সিদ্ধান্ত দেশের আগামী নির্বাচনী পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এমএফ/বিকল্পকন্ঠ
#জাতীয়নির্বাচন #গণভোট #রিট #তত্ত্বাবধায়কসরকার #হাইকোর্ট




