দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলে পদবঞ্চিত ছাত্রদলের কম্বল বিতরণ ও দোয়া
তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা জাতি। সুশাসন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করা এই মহীয়সী নেত্রীর রুহের মাগফিরাত কামনায় পদবঞ্চিত ছাত্রদলের উদ্যোগে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক ড. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাকিব হোসেন সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজিদ আহমেদ সুমন, কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মামুন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম নুরুল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পিয়াস, ঢাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহসিন ভূইয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আল আমিন, আজিজুল হক রাসেলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্রনেতা।
কম্বল বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মশিউর রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন,
“মিছিলের সর্বশেষ কর্মীও তার রাজনৈতিক পরিচয় পাবে—এটাই আমাদের রাজনীতির মূল দর্শন।”
তিনি আরও বলেন, ছাত্রদল কোনো সিন্ডিকেটনির্ভর সংগঠন নয়। ত্যাগ, সততা ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতেই আগামীর নেতৃত্ব নির্ধারিত হবে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল আবারও গণতান্ত্রিক ও আদর্শিক রাজনীতির ধারায় ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।




