কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত–এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগের রাজনৈতিক নেতারা নির্বাচনের জন্য টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদকসম্রাটদের ওপর নির্ভর করলেও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজনীতি করছে সাধারণ জনগণের শক্তির ওপর ভর করে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দায়বদ্ধতা শুধুই জনগণের কাছে। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কোনো অর্থ নেইনি। তাই তাদের কাছে জবাবদিহিও করতে হবে না। আমরা যা করব, জনগণের আদালতেই তার হিসাব দেব।”
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের পর দেবিদ্বারে মাদকসম্রাট ও মাদক ব্যবসার কোনো জায়গা থাকবে না। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাদক সংশ্লিষ্ট অপকর্মের শেষ অধ্যায় শুরু হবে বলেও কঠোর বার্তা দেন তিনি।
একই সঙ্গে তিনি জানান, যারা এতদিন অবৈধ পথে জীবিকা নির্বাহ করতেন, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার বিষয়েও চিন্তা করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, “লজ্জা না রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করে দেব।”
নির্বাচনী প্রসঙ্গে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নিজের ভোট দিলেই দায়িত্ব শেষ নয়। প্রতিদিন অন্তত ১০টি ভোট নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখ দেবিদ্বারে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
উঠান বৈঠকে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।




