আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি জানিয়েছে, এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে আন্দোলনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও ঘোষণা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন, দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণা সংবিধান ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে তাদের দাবি।
সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচনকে প্রভাবমুক্ত ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়া জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হবে এবং রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে এ সংবাদ সম্মেলন ঘিরে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।




