আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি নির্বাচন উপলক্ষে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। বিশেষ করে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনকালীন নিরাপত্তার দায়িত্বে থাকবে।
ঝুঁকি ও পরিস্থিতি বিবেচনায় দেশের সবকটি ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভোটকেন্দ্র, ব্যালট পরিবহন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতাও রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এই সুসংগঠিত প্রস্তুতি ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে এবং নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা আরও জোরদার হবে।




