বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তারেক রহমানকে আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল দীর্ঘ সময় ধরে বহন করেছিলেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে এসেছে। তিনি আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার হচ্ছেন।”
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, “তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের দায়িত্ব হলো আমাদের মানদণ্ড উঁচু রাখা এবং জাতিকে শৃঙ্খলিত করা।”
খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথাও স্মরণ করে তিনি বলেন, “খালেদা জিয়া কখনো আপস করেননি। তিনি ছিলেন আপসহীন নেত্রী। যারা পালিয়ে গেছেন বা যারা আজ আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের মন্তব্যও ওয়ান/ইলেভেনের পক্ষে ছিল। তবে খালেদা জিয়া স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবন বাজি রেখে কোনো ধরনের আপস করেননি।”
তিনি জানান, খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন। তিনি বলেন, “এই ভালোবাসা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশ নিয়েছে। বিশ্বে এত বড় জনসমাবেশ আমি জানি না। বাংলাদেশের মানুষের মনে খালেদা জিয়ার যে জায়গা রয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে।”
শোকসভা ও দোয়া মাহফিলে জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফ সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। অনুষ্ঠান চলাকালে খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দেশ ও গণতন্ত্রের অটল স্থিতিশীলতার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
এমএফ/বিকল্পকন্ঠ




