ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের ধারাবাহিকতায় শনিবার (৩১ জানুয়ারি) তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় আয়োজিত এক বৃহৎ নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঢাকা–রংপুর মহাসড়কের শাহাজাহানপুরসহ আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে রংপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, একমাত্র বিএনপিই দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে পারে। তিনি বলেন, “দেশবাসীকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।” ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমান বলেন, গণভোটে জনগণের রায়ই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। কৃষি, কর্মসংস্থান, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জের এই জনসভাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতারা আশা করছেন, এই সমাবেশ নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করবে।




