ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটাররা ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসী ভোটারদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে।
এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
এদিকে প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত নির্দিষ্ট শ্রেণির ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট কার্যক্রম চালু রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে (আইসিপিভি) নিবন্ধনকারী ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এই ব্যবস্থার আওতায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের অভ্যন্তরে তিন ধরনের ভোটার নিবন্ধনের সুযোগ পেয়েছেন। তারা হলেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, পোস্টাল ভোটিং ব্যবস্থার মাধ্যমে ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক নির্বাচনী ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করবে।




