ব্রিটেন ও ৮ ইউরোপীয় দেশের নর্থ সি উইন্ড ফার্ম প্রকল্পে একমত
ব্রিটেন নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডসসহ ইউরোপের আটটি দেশের সঙ্গে নর্থ সি-তে একাধিক দেশের সমন্বয়ে উইন্ড ফার্ম নির্মাণে সম্মত হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রথমবারের মতো সমুদ্রের তল দিয়ে বিশেষ কেবল ইন্টারকানেক্টর স্থাপন করা হবে, যা অংশগ্রহণকারী দেশগুলোর বিদ্যুৎ গ্রিডকে সংযুক্ত করবে।
ব্রিটিশ সরকারের দাবি, এই ব্যবস্থার ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে। একই সঙ্গে অঞ্চলজুড়ে বিদ্যুতের দাম কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যের বিদ্যুৎ গ্রিড ইউরোপের সঙ্গে ১০টি সমুদ্রতল কেবলের মাধ্যমে যুক্ত রয়েছে। ন্যাশনাল গ্রিডের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ সংযোগের ফলে ব্রিটিশ ভোক্তারা প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করেছেন।
প্রকল্পটি নিয়ে কিছু সমালোচনা ও বিতর্কও রয়েছে। বিশেষ করে উইন্ড ফার্ম অপারেটররা যদি সর্বোচ্চ দামে বিদ্যুৎ বিক্রি করেন, তাহলে সরবরাহ সংকটে বিদ্যুতের দাম বাড়তে পারে। এছাড়া নরওয়ের মতো কিছু দেশ আশঙ্কা করছে, অতিরিক্ত বিদ্যুৎ রফতানি দেশীয় বাজারে সরবরাহ কমিয়ে দিতে পারে। ইতোমধ্যে নরওয়ে বিদ্যুৎ রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং স্কটল্যান্ডের সঙ্গে নতুন ইন্টারকানেক্টরের অনুমতি দেয়নি।
প্রকল্পটি ২০৫০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বিশ্লেষকেরা বলছেন, এটি ইউরোপের জ্বালানি চাহিদা ও বাজারে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে এবং সমন্বিত গ্রিডের মাধ্যমে ভবিষ্যতে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের সুযোগ বাড়াবে।




