মঙ্গলবার

০২:৩৯:৫২

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

এনসিপির সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি

এনসিপির সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি

শেষ মুহূর্তে নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি ও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মধ্যকার গোপন যোগাযোগ। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে মিত্র দলগুলোর বাইরে থেকেও এনসিপির একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি।

এই যোগাযোগ সফল পরিণতি পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসন ছাড় দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এমনকি এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া কোনো কোনো নেতা ধানের শীষ প্রতীকেও মনোনয়ন পেতে পারেন।

বিএনপির একটি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সূত্র যুগান্তরকে জানিয়েছে, এনসিপির একটি অংশের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে বিষয়টি আপাতত গোপন রাখা হচ্ছে। ওই নেতা বলেন, “দু-একদিনের মধ্যেই সবকিছু পরিষ্কার হতে পারে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেষ মুহূর্তে এই সমঝোতা হলে নির্বাচনি কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

তবে বিএনপি ও এনসিপির মধ্যে আনুষ্ঠানিক আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। সূত্র জানায়, চাওয়া–পাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব থেকেই গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সরাসরি আলোচনার চেষ্টা থাকলেও সেটি বাস্তবায়িত হয়নি। তবুও এনসিপির একটি বড় অংশের সঙ্গে যোগাযোগের সেতু অটুট রেখেছে বিএনপি।

এদিকে এনসিপির ভেতরেই বড় ধরনের মতভেদ প্রকাশ্যে এসেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য জোটকে কেন্দ্র করে দলের একটি অংশ আপত্তি তুলেছে। এই প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে দলত্যাগ করেন জামায়াতবিরোধী অংশের নেতা মীর আরশাদুল হক।

একই দিনে এনসিপির ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন। এতে তারা স্পষ্টভাবে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট এনসিপির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে। চিঠিতে উল্লেখ করা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতেই রাজনৈতিক কৌশল নির্ধারণ করা উচিত, কৌশলের নামে নীতি বিসর্জন দেওয়া ঠিক নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির ভেতরের এই ভাঙন বিএনপির জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে শেষ পর্যন্ত সমঝোতা হয় কি না, সেটিই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন।

এমএফ/বিকল্পকন্ঠ

#বিএনপি #এনসিপি #নির্বাচনীসমঝোতা #বাংলাদেশরাজনীতি #আসন্ননির্বাচন

Website Link – https://bikalpokontho.com

আরও পড়ুন

Scroll to Top