আইসিসিইএস-এর সদস্যদের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর উদ্যোগে জলবায়ু অর্থায়ন বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ প্রেক্ষাপটে যুবসমাজের জলবায়ু অর্থায়ন সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণের শিরোনাম— “ফান্ডামেন্টালস অফ ক্লাইমেট ফাইনান্স ফর ইয়ুথ ইন দ্য বাংলাদেশ কনটেক্সট”।
রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল একশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ কর্মসূচিতে ইনস্টিটিউট অফ ক্লাইমেট চেইঞ্জ, এনভায়রনমেন্ট এন্ড সাসটেইনেবিলিটি (আইসিসিইএস)-এর তরুণ সদস্যরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ ও কার্যকর জলবায়ু অর্থায়ন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে যুবসমাজকে প্রস্তুত করে তোলাই সময়োপযোগী উদ্যোগ।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ইআরডি’র অতিরিক্ত সচিব এ. কে. এম. সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল একশন-এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিইএস-এর চেয়ারম্যান শেখ তাজুল ইসলাম তুহিন, যিনি জলবায়ু বিষয়ক গবেষণা ও যুবসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জলবায়ু বিজ্ঞান বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইডব্লিউএফএম-এর অধ্যাপক প্রফেসর এ. কে. এম. সাইফুল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, বৈশ্বিক উষ্ণায়ন এবং এর আর্থিক ও উন্নয়নগত প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণরা জলবায়ু অর্থায়নের মৌলিক ধারণা, আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপনা এবং প্রকল্প প্রণয়নে দক্ষতা অর্জন করবে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
এমএফ/বিকল্পকন্ঠ
#জলবায়ুঅর্থায়ন #ইআরডি #আইসিসিইএস #ক্লাইমেটফাইনান্স #যুবসমাজ




