রংপুরে জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রংপুর মহানগর জামায়াতের আমির ও কাউনিয়া–পীরগাছা আসনের সাবেক প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের একটি বক্তব্য সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি ‘বড়’—এমন মন্তব্য করেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, গত ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় এ বক্তব্য দেন এটিএম আজম খান। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে এটিএম আজম খানকে বলতে শোনা যায়, নির্বাচন কেন্দ্র থেকে তাকে ‘কোরবানি দেওয়া হয়েছে’ বলে জানানো হয়েছিল। এরপর তিনি উদাহরণ টেনে হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর কোরবানির প্রসঙ্গ উল্লেখ করেন এবং বলেন, তার কোরবানি নাকি আরও বড়, কারণ এটি লাখ লাখ নারী-পুরুষের কোরবানি।
ভিডিওতে আরও দেখা যায়, তিনি দাবি করেন—কেন্দ্র থেকে ফোন করে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও একাধিকবার কথা হয়েছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, দুঃখকে শক্তিতে রূপ দিতে হবে এবং এই চ্যালেঞ্জে টিকে থাকতে হবে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক নেটিজেন এ বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মন্তব্য করছেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হিসেবেও আখ্যা দিয়েছেন। সমালোচকদের মতে, ধর্মীয় বিষয়কে এভাবে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে তুলনা করা অনুচিত।
উল্লেখ্য, এটিএম আজম খান রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটগত সমঝোতার কারণে ওই আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আখতার হোসেনকে সমর্থন জানান।
এমএফ/বিকল্পকন্ঠ




