বুধবার

০৩:১৭:২৩

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ

নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিদের জন্য আগমনী ভিসা ফি মওকুফ

 

নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের ভিত্তিতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের জন্য আগমনী ভিসা (Visa on Arrival) ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে মোট আটটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারি করা সব প্রজ্ঞাপনের শর্ত অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশন থেকে যথাযথ কাগজপত্র যাচাই সাপেক্ষে ভিসা দেওয়া হবে। পাশাপাশি, ১৫ সেপ্টেম্বর ২০১৬ সালের পরিপত্র অনুযায়ী বিনা ভিসায় আগতদের আগমনী ভিসা দেওয়ার বিধান বহাল থাকবে।

তবে আগমনী ভিসা প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসনের ঠিকানা এবং ফিরতি টিকিটসহ প্রয়োজনীয় নথি সতর্কতার সঙ্গে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম, ব্যত্যয় বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

অন্যদিকে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন নির্দিষ্ট সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সিলযুক্ত আগমনী ভিসা প্রদান করা হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি সম্পূর্ণ মওকুফ করা যাবে। এছাড়া আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের সময় সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন ইতোমধ্যে বিদেশি পর্যবেক্ষকদের জন্য আবেদন আহ্বান করেছে, যার শেষ সময় ১৭ জানুয়ারি। পাশাপাশি ২৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

এমএফ/বিকল্পকন্ঠ
#জাতীয়নির্বাচন #বিদেশিপর্যবেক্ষক #ভিসানীতিমালা #নির্বাচনকমিশন #বাংলাদেশভোট

আরও পড়ুন

Scroll to Top