মঙ্গলবার

০২:৩৬:০০

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

গণতান্ত্রিক সরকার ছাড়া ন্যায়বিচার সম্ভব নয়: তারেক রহমান

গণতান্ত্রিক সরকার ছাড়া ন্যায়বিচার সম্ভব নয়: তারেক রহমান

প্রত্যেকটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে হলে আগামী দিনে বাংলাদেশে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন—এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা কখনোই সম্ভব নয়।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “যদি আমরা আবারও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গঠনের সুযোগ হাতছাড়া করি, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি অবিচার করা হবে।” তিনি স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, গত ১৬ বছরের গুম-খুন এবং ২০২৪ সালের আন্দোলনের শহীদ ও নির্যাতিতদের। এসব ঘটনার প্রতিটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সরকার অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা যে শত কষ্ট বুকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ন্যায্য বিচার পাওয়ার একমাত্র পথ হলো দেশে একটি জনগণের প্রতি দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।” তিনি বলেন, এমন একটি সরকারই নির্যাতিত ও বঞ্চিত মানুষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজ আমরা শপথ নেই—আপনাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আপনাদের এখানে আসা যেন বৃথা না যায়।”

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু মহল গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চাচ্ছে। তারেক রহমান বলেন, “মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে, তা ব্যাহত করতে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

সবশেষে তিনি দল-মত নির্বিশেষে গণতন্ত্রপ্রিয় মানুষদের সজাগ থাকার আহ্বান জানান, যাতে কোনো ষড়যন্ত্র গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামাতে না পারে।

এমএফ/বিকল্পকন্ঠ
#তারেকরহমান #বিএনপি #গণতন্ত্র #রাজনীতি #ন্যায়বিচার #বাংলাদেশরাজনীতি

আরও পড়ুন

Scroll to Top