সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এই পে-স্কেল বাস্তবায়নের পথ সুগম হবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, বিগত এক দশকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল নিয়ে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে পে-কমিশন গঠন করেছে এবং এ সংক্রান্ত কাজ চলমান রয়েছে। তবে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, এর জন্য অর্থনৈতিক সক্ষমতাও জরুরি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন।” তিনি আরও জানান, সরকারের গৃহীত বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা অর্থনীতির ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়।
তিনি আশা প্রকাশ করেন, এসব সংস্কার কার্যক্রম পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এ সময় তিনি বলেন, “আমরা দুর্নীতিমুক্ত, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই, যার সুফল আগামী প্রজন্ম ভোগ করবে।”
গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এ নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই। এটি কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা নয়; বরং গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী। সুশাসন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
মেলা উদ্বোধনের আগে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।




