জাতীয় পর্যায়ের ইংরেজি রচনা প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আবারও গর্বিত করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাকে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সানিয়া সাঈদ।
২০২৪ সালে ইংরেজি রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করা সানিয়া এবার একই ইভেন্টে ‘খ’ গ্রুপে জাতীয় পর্যায়ে রানারআপ (দ্বিতীয় স্থান) হয়ে নিজের সাফল্যের ধারা বজায় রেখেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সানিয়া কেএফটি কলেজিয়েট স্কুলের হয়ে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা পর্যায়ে, এরপর চাঁদপুর জেলা ও চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। বুধবার রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
সানিয়ার এই অর্জনে মতলববাসীসহ চট্টগ্রাম বিভাগের শিক্ষা সংশ্লিষ্ট মহল আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। শিক্ষকদের মতে, নিয়মিত চর্চা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসই সানিয়ার সাফল্যের মূল চাবিকাঠি।
কেএফটি কলেজিয়েট স্কুল পরিবার সানিয়ার এই সাফল্যে আনন্দিত ও উচ্ছ্বসিত। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস সানিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তিনি ব্যক্তিগত উদ্যোগে সানিয়াকে বিশেষভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন।
সানিয়া সাঈদের এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং মতলব দক্ষিণ উপজেলা ও চাঁদপুর জেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




