ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস) — শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সংলগ্ন স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, ফেরদৌস আলম, নূরুল আমিন নূর, দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক মো. তানভীর হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ এদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ আসাদ যে সাহস, দৃঢ়তা ও ত্যাগের উদাহরণ রেখে গেছেন, তা আজও ছাত্রসমাজ ও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন, শহীদ আসাদের আদর্শ ধারণ করেই ছাত্রদল বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে কাজ করে যাবে। জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ আসাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, শহীদ আসাদের শাহাদাত বার্ষিকী শুধু স্মরণ নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন।




