দুই দিনের ব্যবধানে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হলো স্পেন। সর্বশেষ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেনচালক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পেনের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হয়। টানা বৃষ্টির কারণে বার্সেলোনার কাছাকাছি একটি রেললাইনের পাশে থাকা কনটেইনমেন্ট ওয়াল (রেল সুরক্ষা দেয়াল) ধসে পড়ে। ওই দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার সময় ট্রেনটি মাঝারি গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেয়ালের সঙ্গে সংঘর্ষের ফলে চালকের কেবিনে প্রচণ্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই ট্রেনচালকের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও চিকিৎসা কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
স্পেনের জরুরি সেবা বিভাগ জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে। পাঁচজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় এবং বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
এর আগে গেল রোববার (১৮ জানুয়ারি) মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হলে পাশের লাইনে থাকা আরেকটি ট্রেন এসে সেটিকে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হন, যা স্পেনের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
টানা দুটি ভয়াবহ দুর্ঘটনার পর দেশজুড়ে রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারি বৃষ্টিপাত ও অবকাঠামোগত দুর্বলতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে স্পেন সরকার।




