সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় জড়িত থাকার অভিযোগ উঠেছে নরসিংদীর মনোহরদী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাইমিন আল জিহানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি করা হলেও ইউএনও মুহাইমিন আল জিহান প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সভা, প্রশাসনিক কার্যক্রম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তিনি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছেন—এমন অভিযোগ করছেন স্থানীয়রা।
এদিকে মুহাইমিন আল জিহানের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে ২ শতাংশ–৩ শতাংশ হারে ঘুষ গ্রহণ, সরকারি টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কার্যকর তদন্ত বা দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা যদি প্রকাশ্যে বা গোপনে কোনো পক্ষের হয়ে কাজ করেন, তাহলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তাঁরা দ্রুত এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সচেতন নাগরিকরা মনে করছেন, নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউএনও মুহাইমিন আল জিহানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।




